পীরগঞ্জে প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু, বাড়িতে এমপি নূরুল আমিন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-২৪, ১:১৭ PM /
পীরগঞ্জে প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু, বাড়িতে এমপি নূরুল আমিন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদনে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি শ্রাবণী আক্তার (১৯) ও তার গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাওলানা নূরুল আমিন।

শনিবার সন্ধ্যায় তিনি পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর সর্দারপাড়া এলাকায় নিহত শ্রাবণী আক্তারের বাড়িতে যান। এ সময় তিনি নিহতের বাবা মতিয়ার রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

স্বজনদের অভিযোগ, নগর মাতৃসদনে চিকিৎসাধীন অবস্থায় ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে শ্রাবণী আক্তার ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান নগর মাতৃসদন পরিদর্শন করেন। পরে তিনি নগর মাতৃসদনের কার্যক্রম মৌখিকভাবে বন্ধ ঘোষণা করেন বলে জানা গেছে।

এদিকে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য মাওলানা নূরুল আমিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং পরিবারটি যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আশ্বাস দেন।

তবে প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।