

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গত ১৭ বছরে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। তার দাবি, এসব খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “এসব খাতে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে, তারা এখন বিদেশে বসে সেগুলো ভোগ করছে। আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের কষ্ট করছে।”
তিনি আরও বলেন, “আজ আমরা যে জ্বালানি সংকটে ভুগছি, এটা স্বৈরাচার আওয়ামী লীগের কারণে। বিগত অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো উন্নয়ন করতে পারেনি। আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রাখতে।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছর বিএনপি দেশের জন্য কাজ করে চলেছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে কিংবা দেশ সংকটে পড়েছে, বিএনপি সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “যারা নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন ভবিষ্যতের কথা বলেন, তাদের মনে রাখতে হবে—বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই বিএনপির হাত ধরে হয়েছে। বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শামা ওবায়েদ গাছের চারা রোপণ করেন। আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আপনার মতামত লিখুন :