

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের আয়োজনে বার্ষিক অর্জিত শিক্ষা ও সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, পার্থ সারথি দেবে, শিউলি কস্তা ও ঈশিতা বৈরাগী।
এ ছাড়া রামপাল কো-অর্ডিনেশনের ১২০ জন সহায়ক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নানা ধরনের পিঠাপুলি ও খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি ঘরোয়া খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাবেশে সহায়কদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ফুলি সরকার। তিনি বলেন, দীর্ঘ ১০ মাস ধরে সহায়কেরা নিরলসভাবে কাজ করেছেন। মাঠপর্যায়ে তাদের সহযোগিতার ফলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশন কার্যক্রম এগিয়ে নিতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, ‘ফাইভ জিরো’ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সুফল হিসেবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত উপজেলা গড়ার ক্ষেত্রে সবার সহযোগিতা পাওয়া গেছে। এ অর্জনের পেছনে সহায়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি সহায়কদের ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং দীর্ঘদিন ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে থেকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :