লোহাগড়ায় ৬ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১৪, ১:৫৫ PM / ০ Views
লোহাগড়ায় ৬ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে মফিজার মোল্যা নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ঈশানগাতী কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কুমারেশ কুমার বিশ্বাস এবং লোহাগড়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে মফিজার মোল্যাকে তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমান বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। অনৈতিক সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, ঘটনার কয়েক দিন পর ফাতেমা বেগম ও মশিয়ার রহমান বিয়ে করে সংসার শুরু করেন। পরবর্তী সময়ে বিষয়টি প্রকাশ্যে এলে গত ২৯ আগস্ট স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওই দিন রাতেই নিহত মফিজারের মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় তাঁর মা ফাতেমা বেগম, মশিয়ার রহমানসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে পুলিশ ফাতেমা ও মশিয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রথমে ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। তবে তদন্তে হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
তিনি আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন করে সুরতহাল সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।