

সৈকত আহমেদ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রবিবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা স্মারক তুলে দেন সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তার হাতে।
এর আগে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমিতির চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার হাতে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের জেনারেল সেক্রেটারি পদ্মিনী কস্তা সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান, পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তাসহ অন্যান্য সমবায় নেতৃবৃন্দ।
বক্তারা সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, আর্থিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমবায় সমিতিগুলো সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালিত হলে স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, শ্রেষ্ঠত্ব অর্জনকারী বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান সদস্যসংখ্যা প্রায় ৪ হাজার এবং মূলধন প্রায় ১০০ কোটি টাকা। নিয়মিত ঋণ কার্যক্রমের পাশাপাশি সমিতিটি সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনার মতামত লিখুন :