নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-০৮, ৯:৪১ PM / ০
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কার

মোঃ আতাউর রহমান, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন, সমবায় পরিদর্শক আজিজ রেজা এবং সহকারী কাম কম্পিউটার অপারেটর আজিজুর রহমান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এ বছরের সেরা সমবায় সমিতির পুরস্কার পেয়েছে সিসিডিবি-সিপিআরপি, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত ‘থানাপাড়া রজনীগন্ধা মহিলা সমবায় সমিতি লিমিটেড’।

উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।