

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট)-
বাগেরহাটের রামপালে শিশুশ্রম রোধ ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখী হওয়া উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে রামপালের ৫২টি সুবিধাবঞ্চিত পরিবারের ৫২ জন শিশু শিশুশ্রম থেকে মুক্ত হয়ে নতুন করে শ্রেণিকক্ষে ফিরেছে। এ উপলক্ষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে রামপাল এপি, রামপাল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, দারিদ্র্যের কারণে শিশুশ্রমে জড়িয়ে পড়া এসব পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে ওয়ার্ল্ড ভিশন তাদের সরাসরি আর্থিক সহায়তা এবং বিকল্প আয়ের (ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি) ব্যবস্থা করেছে। একইসঙ্গে শিশুরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করে আসছে সংস্থাটি।
অনুষ্ঠানে রামপাল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌধুরী, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।
বক্তারা বলেন, শুধু শিশুদের বিদ্যালয়ে পাঠানোই শেষ কথা নয়; পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শিশুশ্রম থেকে তাদের দূরে রাখাও জরুরি। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এর মাধ্যমে শিশুশ্রম চিরতরে দূর করার পথ আরও সুগম হবে।
আপনার মতামত লিখুন :