

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু।
ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ অনেকে।
সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী হিসেবে আইনুল হক, সফল পোনা উৎপাদনকারী হিসেবে ছানারুল ইসলাম এবং তরুণ উদ্যোক্তা হিসেবে ইসতিয়াক আহম্মেদকে পুরস্কার প্রদান করা হয়।
পরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :