ভাঙ্গাবাড়িতে চেয়ারম্যান প্রার্থী শামীমের মোটরসাইকেল শোডাউন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-২৯, ৭:৫৮ AM /
ভাঙ্গাবাড়িতে চেয়ারম্যান প্রার্থী শামীমের মোটরসাইকেল শোডাউন

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম শামীমের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের দেলুকান্দি গ্রাম থেকে শোডাউনটি শুরু হয়। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মী ও সমর্থকেরা।

এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী ও সমর্থকেরা। শামীমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। পাশাপাশি আগামী নির্বাচনে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।

লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম শামীম বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আগামী দিনে ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে ভাঙ্গাবাড়িকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা, সার্বিক উন্নয়ন ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর সমর্থন প্রত্যাশা করছেন।

নির্বাচিত হলে ভাঙ্গাবাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে বয়স্ক ও বিধবা মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পিছিয়ে পড়া ও দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথাও জানান।