

সৈকত আহমেদ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। সভায় উপজেলার ৪৪টি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা।
এ সময় ধানাইদহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, রয়না ভরাট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন।
সভায় শিক্ষকদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকা, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করা, পাঠদানের আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তুতি নেওয়া এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ও অতিরিক্ত ক্লাস নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি না নেওয়া এবং বিকেল ৪টা পর্যন্ত রুটিন অনুযায়ী পাঠদান চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সেলিম আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, বিএনপি নেত্রী ও বনপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ম্যানেজার কোরবান আলী এবং বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :