বুড়িমারী ইউপি নির্বাচন: স্ত্রীর অসুস্থতায় সরে দাঁড়ালেন, ২ নম্বর ওয়ার্ডে লড়বেন স্বামী ফজলুল হক রতন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-২০, ২:১১ PM /
বুড়িমারী ইউপি নির্বাচন: স্ত্রীর অসুস্থতায় সরে দাঁড়ালেন, ২ নম্বর ওয়ার্ডে লড়বেন স্বামী ফজলুল হক রতন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ আসন্ন বুড়িমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে প্রথমে মোছাঃ আজিজা সুলতানা সুমি আত্মপ্রকাশ করলেও, আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন । তবে এই ওয়ার্ডের উন্নয়ন ও সেবার ধারা বজায় রাখতে মোছাঃ আজিজা সুলতানা সুমি পরিবর্তে এখন তাঁর স্বামী মোঃ ফজলুল হক রতন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোছাঃ আজিজা সুলতানা সুমি ১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন নিয়ে প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শুরু করেছিলেন । কিন্তু হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায়, ওয়ার্ডবাসীর অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নের অঙ্গীকার পূরণে তাঁর স্বামী মোঃ ফজলুল হক রতন মেম্বার পদপ্রার্থী আত্মপ্রকাশ করেন। অসুস্থ স্ত্রীর সম্পূর্ণ সমর্থন ও দোয়া মাথায় নিয়ে তিনি এখন জোরালোভাবে নির্বাচনী মাঠে নেমেছেন। মেম্বার পদপ্রার্থী মোঃ ফজলুল হক রতন তাঁর নির্বাচনী ইশতেহার ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “উন্নয়ন ও সততার অঙ্গীকার নিয়ে ২ নং ওয়ার্ডের অধিকার আদায়ে আমি সর্বদা কাজ করে যাব। আমার সহধর্মিনী অসুস্থতার কারণে সরে দাঁড়ালেও, এলাকার জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তা থেকে আমরা পিছু হটিনি। ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থনই আমার মূল শক্তি। আমি আশা করি, আগামী নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এলাকার উন্নয়ন ও সেবা করার সুযোগ দেবেন।” এদিকে ফজলুল হক রতনের এই আকস্মিক প্রার্থিতা ঘোষণার পর ২ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সাধারণ ভোটাররা জানান, সততা ও সেবার মানসিকতা নিয়ে যিনি কাজ করবেন, তাকেই তারা আসন্ন নির্বাচনে জয়যুক্ত করবেন।