রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১৯, ১০:৫৭ AM / ০ Views
রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

নবীন মাহমুদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে সরকারি ডিসিআর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী আট পরিবারের বসতভিটা রক্ষা ও উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম নৈকাঠি স্কুলের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় অর্ধশত বছর ধরে তাঁরা সরকারকে খাজনা দিয়ে সংশ্লিষ্ট জমিতে বসবাস করে আসছেন। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছে।

তাঁদের আরও অভিযোগ, ভুয়া ওয়ারিশ পরিচয় ব্যবহার করে আদালতে মামলা করা হয়েছে। ওই মামলায় একতরফা রায়ের মাধ্যমে তাঁদের হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

ভুক্তভোগীদের দাবি, আদালত থেকে সংগ্রহ করা কাগজপত্রে বিভিন্ন ধরনের অসংগতি রয়েছে। এসব বিষয়ে তাঁরা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিনের বসতভিটা হারানোর আশঙ্কায় পরিবারগুলো এখন উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বসতভিটা থেকে উচ্ছেদ করা হলে আটটি পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। তাঁদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারানোর আশঙ্কা রয়েছে। তাই বসতভিটা রক্ষা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ সময় নিশী পালের নাতনি বলেন, ‘আমার দাদার একমাত্র ওয়ারিশ হিসেবে দেশে আমিই আছি। কারা এসব করছে, জানি না। আমি চাই, পরিবারগুলো প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পাক।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন দেলোয়ার হোসেন দিলীপ, অহিদুজ্জামান, নুরজাহান বেগম ও মজিবুর রহমান। কর্মসূচিতে স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেন।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তাঁদের বসতভিটার অধিকার ও দীর্ঘদিনের বসবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁরা এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।