বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ভ্যান


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১৫, ৩:৩০ PM / ০
বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ভ্যান

রবিউল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় চালককে মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা দস্যুতা মামলায় আলমগীর হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরেক ব্যক্তি পৃথক মামলায় কারাগারে রয়েছেন এবং অপর একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রশিদ (৪৯) তাঁর জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ভাড়ার অপেক্ষায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রামশাপুর গ্রামে যাওয়ার কথা বলে ৮০ টাকা ভাড়া নির্ধারণ করে অটোভ্যানে ওঠেন।

পরে বেলা আনুমানিক ১১টা ৫৫ মিনিটে আটঘরিয়া থেকে রামশাপুরগামী সড়কে বাদশা মিয়ার আমবাগানের কাছে পৌঁছালে ওই যাত্রীর ইশারায় আমবাগান থেকে আরও দুই থেকে তিনজন ব্যক্তি বেরিয়ে এসে অটোভ্যানটির গতিরোধ করেন। এ সময় তাঁরা চালক আব্দুর রশিদকে মারধর করেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রশিদ বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৩ অক্টোবর পেনাল কোডের ৩৯৪ ধারায় দস্যুতার অভিযোগে নিয়মিত মামলা করা হয়। মামলাটির নম্বর ৮।

পুলিশ জানায়, মামলার তদন্তে জড়িতদের শনাক্ত করার পর চারঘাট থানা পুলিশের সহায়তায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে চারঘাটের শীসাতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জহুরুল নামের আরেক অভিযুক্ত পৃথক একটি মামলায় চারঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁকে বাঘা থানার এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, গ্রেপ্তার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর এক আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।