

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৯ নভেম্বর থেকে ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ও কুশুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় কৃষ্ণনগর ইউনিয়নের ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার মোঃ মেয়ারাজ হোসেনসহ ১২ জন তথ্য সংগ্রহকারী উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৯ নভেম্বর থেকে কৃষ্ণনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। ইউনিয়নের শতভাগ পরিবারকে তথ্য সংগ্রহের আওতায় আনার লক্ষ্যে কাজ করবেন তথ্য সংগ্রহকারীরা।
বক্তারা বলেন, সরকারের ৩১ দফার প্রথম দফার অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রায় ৪ কোটি পরিবার পর্যায়ক্রমে এ কার্ডের আওতায় আসবে। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য পরিবারকেও এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল্লাহ বাহার তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি।
সভাপতির বক্তব্যে আল মাহমুদ ছোট্ট বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনাম ও ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয় এবং ফ্যামিলি কার্ড যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
আপনার মতামত লিখুন :