

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি,
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল, টুকুরিয়া ও ভেন্ডাবাড়ি ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার প্রদত্ত ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ২৩২৮টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের বিষয়ে চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ জানান,
“পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার যেভাবে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে, তা যথাযথভাবে যাচাই-বাছাই করে স্বচ্ছ তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়েছে। এতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করেছি যাতে কেউ বাদ না যায় এবং চাল বিতরণে কোনো অনিয়ম না ঘটে। সকলের সহযোগিতায় আমরা এই কার্যক্রম সফলভাবে শেষ করেছি।”
ভিজিএফের চাল পেয়ে চৈত্রকোল ইউনিয়নের উপকারভোগী শুকো রানী বলেন, “ঈদের সময় এই চাল পেয়ে আমরা অনেক উপকার পেয়েছি। সংসারে একটু হলেও স্বস্তি আসবে।”
প্রতিটি উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদগুলোতে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
আপনার মতামত লিখুন :