

মেহেরুননেছা মেহের (বরিশাল প্রতিনিধি):
বরিশালের বাকেরগঞ্জে দিনে-দুপুরে বাড়ির ভেতরে ঢুকে হাজি আব্দুস সত্তার হাওলাদার (৭০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানাধীন ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সত্তার হাওলাদার ছিলেন মৃত রশিদ হাওলাদারের ছেলে ও অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর।
নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির দরজায় কে বা কারা নক করলে তার স্বামী দরজা খোলেন। দরজা খোলার সাথে সাথে মুখে দাঁড়ি ও পাঞ্জাবি পরিহিত এক লোক ছুরি দিয়ে তার স্বামীকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত করে ফেলে। চিৎকার শুনে তিনি ছুটে গেলেও এর মধ্যেই হামলাকারী পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাজি আব্দুস সত্তার হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা লিটন হাওলাদার বলেন, তার চাচার কারো সাথে তেমন শত্রুতা ছিল না। কী কারণে এমন নৃশংসভাবে হত্যা করা হলো, তা পরিবারের কারোই জানা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং দায়ীদের চিহ্নিত করতে অভিযান চলছে।
পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :