উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি জাসদের শোক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০১, ১০:০০ AM / ৫৪
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি জাসদের শোক

ঢাকা প্রতিনিধি

 উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ জাসদের ঢাকা মহানগরের উদ্যোগে দলীয় কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার, বাদল খান, রোকনুজ্জামান রোকন, মনজুর আহমেদ মনজু, কেন্দ্রীয় নেতা আশফাকুর রহমান সবুজ ও কামরুজ্জামান কামরুল। সভা সঞ্চালনা করেন মো. মফিউদ্দিন।
বক্তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, এই দুর্ঘটনা কেবল প্রযুক্তিগত বা কাঠামোগত ব্যর্থতা নয়, বরং সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন।
জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “উত্তরায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। সরকারের উচিত দ্রুত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উত্তর দেওয়া এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।”
বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের দাবি জানান। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।