লোহাগড়ায় ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৩, ১২:৩৪ PM / ৫৩
লোহাগড়ায় ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কর্মরত পুলিশ সদস্য, একজন চাকরিচ্যুত সেনাসদস্য ও একজন নৌবাহিনীর সাবেক সদস্য রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা সদর থানার কটিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইজাজ আহম্মেদ (৩৩), নৌবাহিনীর সাবেক সদস্য অমিত কাজী (২৮), সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান (৩৩), তনু মোল্যা (৩৩), শামীম রেজা (২৩), শাওন রহমান (২৮), আল আমিন (৩২), মোখলেস শেখ (৪০) ও মাসুদ রানা (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে টহলের সময় আলা মুন্সির মোড়ে সংঘবদ্ধ একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশিতে তাদের কাছ থেকে মোটরসাইকেলের খোলা নাম্বার প্লেট, পুলিশের কটি, রড, হাতুড়ি, দা, হাতকড়া, পেপার কাটারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় ৭টি দ্রুতগতির মোটরসাইকেল জব্দ করা হয়।

তদন্তে জানা যায়, অমিত কাজী, শামীম রেজা, আল আমিন ও মোখলেসের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। মোখলেস ও আল আমিনের বিরুদ্ধে ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “অভিযুক্তরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বড় ধরনের ডাকাতির জন্য নড়াইল, যশোর, ঝিনাইদহ ও গোপালগঞ্জের সংঘবদ্ধ দলটি একত্রিত হয়েছিল। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”