

নওগাঁ প্রতিনিধি ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওজোয়ান মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এর আগে এটিম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।
এবারের মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সারির ৪০টিরও বেশি স্টল বসেছে, যেখানে ফলজ, বনজ, ঔষধি, ভেষজ ও ফুলের চারা পাওয়া যাচ্ছে। কৃষক, পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।
আগামী সাতদিন মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মতামত লিখুন :