

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মো. খোরশেদ আলম (২২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের আওতাধীন লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫০/২-এস এর কাছে কাটা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক খোরশেদ আলম কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. বদরুজ্জামান।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চলমান নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল খোরশেদ। দেহ তল্লাশি করলে পাওয়া যায় বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন।
বিজিবির দাবি, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—এই অর্থ সীমান্তবর্তী এলাকায় অবৈধ লেনদেন বা চোরাচালান কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটককৃত চোরাকারবারিকে উদ্ধারকৃত টাকা ও মোবাইলসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা (নং-০৪, তারিখ ০৩/০৮/২০২৫) দায়ের হয়েছে।
আপনার মতামত লিখুন :