মিঠাপুকুরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-২৮, ১০:৫৪ PM / ২৩
মিঠাপুকুরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ
মোঃ সুলতান মারজান (হৃদয়) রংপুর প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এ কার্যক্রমের আয়োজন করে।
গত মঙ্গলবার ব্র্যাকের রিজিওনাল অফিসের আওতায় উপজেলার ২৫৫ জন চাষির হাতে মোট ২ লাখ ৫৫ হাজার মাছের পোনা তুলে দেওয়া হয়। প্রত্যেক চাষি গড়ে প্রায় এক হাজার করে পোনা পান।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) আব্দুল হাকিম সরকার, ব্রাঞ্চ ম্যানেজার (এনসিডিপি) বিধানচন্দ্র সরকার, ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) মোকসেদুল ইসলাম, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট আব্দুল বারিক, সম্প্রসারণ কর্মকর্তা (ফিশ ফার্মিং প্রজেক্ট) মেফতাহে জিন্নাত, সিডিও নোয়ামিন হোসেন, হাসান মাহমুদ, শাহিন মিয়া প্রমুখ।
এর আগে গত ২৫ আগস্ট মিঠাপুকুর সদর শাখায় ৬৬ জন চাষীর মাঝে ৬৬ হাজার মনোসেক্স তেলাপিয়া পোনা বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ২০ জন চাষীর প্রত্যেককে ৩০০ গ্রাম করে মোট ৬ কেজি কার্পজাতীয় মাছের রেনু সরবরাহ করা হয়েছে।
ব্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে প্রায় ৮ হাজার মৎস্য চাষীর মাঝে ২ কোটি টাকার মাছের পোনা বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় মিঠাপুকুর অঞ্চলের পীরগাছা এলাকায় আরও প্রায় ৫০ জন চাষীর মাঝে ৫০ হাজার মাছের পোনা বিতরণ করা হচ্ছে।
এ কার্যক্রমের ফলে স্থানীয় চাষীরা লাভবান হবে এবং মিঠাপুকুর উপজেলায় মাছ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।