

ৱেজা টুনু, সুনামগঞ্জ
গাইবান্ধা থেকে সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), মোছাঃ শাহানা পারভীন (৪৩), মো. মশিউর রহমান ওরফে মাসুক (৩০), মো. শফিউর রহমান (২৬), রিনা আক্তার (২০) ও নারগিস আক্তার (৩৪)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, চক্রটি প্রায় ছয় মাস আগে প্রতারণার উদ্দেশ্যে স্বপরিবারে সুনামগঞ্জে আসে। তারা রাধানগর পয়েন্টে ‘মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রথমে কম মূল্যে পণ্য বিক্রি করে বিশ্বাস অর্জন করে। পরে কোটি টাকার বেশি অগ্রিম টাকা নিয়ে পালিয়ে যায়।
গত ২৮ এপ্রিল এই প্রতারণার পর ভুক্তভোগী ব্যবসায়ীরা সদর থানায় মামলা (নং–১৭/২৭০) দায়ের করেন। র্যাবের ছায়া তদন্ত ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে আসছিল। তারা গাইবান্ধায় নতুন করে আরেকটি প্রতারণার পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :