আধুনিক যন্ত্রে বদলে যাচ্ছে চাষাবাদ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-০৩, ১:৪৯ PM /
আধুনিক যন্ত্রে বদলে যাচ্ছে চাষাবাদ

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি, মণিরামপুর: কৃষিকে আরও উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে “এসেছে নতুন ভোর, নতুন দিনের আগমন—প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন” স্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি উদ্ভাবনী মেলা–২০২৬ শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের আধুনিক কৃষিপদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন প্রযুক্তি, আধুনিক কৃষিযন্ত্র ও উন্নত জাতের বীজ ব্যবহারের বিকল্প নেই। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ সময়ের দাবি। মাঠপর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণ ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
মেলায় বিভিন্ন স্টলে উন্নত কৃষিযন্ত্র, উচ্চফলনশীল বীজ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, স্মার্ট সেচ পদ্ধতি এবং নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। কৃষকরা সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা পাচ্ছেন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছেন। আয়োজকদের প্রত্যাশা, এই মেলা কৃষকদের মধ্যে নতুন ধারণা সৃষ্টি করবে এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিকে লাভজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।