রাণীশংকৈলে পুকুর বরাদ্দের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-০২, ৩:২৮ PM / ০
রাণীশংকৈলে পুকুর বরাদ্দের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরপাড়ে বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর নামে বিনাশর্তে পুকুর বরাদ্দ এবং অন্যদের নামে দেওয়া ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বসবাসের জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র এবং এক ব্যক্তিকে পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া ভাতখুকি পুকুরপাড়ে বসবাসরত ভূমিহীন পরিবার ও বারঘরিয়া সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ‘পুকুরপাড়ে বসবাসরত গুচ্ছগ্রামের ভূমিহীনদের পুকুর প্রদান করতে হবে’—এ দাবি তুলে ধরা হয়।

জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, অবিনাশ চন্দ্র রায়, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন এবং ভুক্তভোগী তাবারক আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, ভাতখুকি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে অসহায় ও প্রকৃত ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছে। কিন্তু তাদের পুনর্বাসন ও বসবাসের অধিকার নিশ্চিত না করে পুকুরটি অন্য ব্যক্তির নামে ইজারা দেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও অভিযোগ করেন, হাতিয়া পুকুর দখলকে কেন্দ্র করে পুলিশ তাবারক আলীকে মারধর করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশি নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি দাবি করেন বক্তারা।

মানববন্ধন থেকে অন্যায়ভাবে পুকুর ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে পুকুরপাড়ে বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর নামে বিনাশর্তে পুকুর বরাদ্দের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ভূমিহীনদের অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে, তাবারক আলীকে নির্যাতনের অভিযোগের বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বারী বলেন, “আমি যদি তাঁকে নির্যাতন করে থাকি, তাহলে আদালতকে জানালেন না কেন? এখন জামিনে বেরিয়ে এসে মিথ্যা অপপ্রচার ছড়ালে হবে না।”