স্কুল-কলেজে নিয়োগ বাণিজ্য নয়, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক: রফিকুল ইসলাম জামাল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-২৮, ৫:৪২ PM / ০
স্কুল-কলেজে নিয়োগ বাণিজ্য নয়, চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক: রফিকুল ইসলাম জামাল

নবীন মাহমুদ —স্কুল-কলেজে নিয়োগ বাণিজ্য বন্ধ এবং চাকরিপ্রার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার কথা বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, “স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না। যাদের চাকরি হবে, তাদের ডোপ টেস্টে যেতে হবে।” এ সময় যুবদলের নেতাকর্মীদেরও প্রয়োজনে ডোপ টেস্টের আওতায় আসতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সরকারের সমালোচনা এবং রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে তিন বছর সময় লাগে, আর একটি শিশুর জন্ম নিতে সময় লাগে ১০ মাস। সেখানে বিএনপিকে পাঁচ মাসের মাথায় ব্যর্থ সরকার আখ্যা দিয়ে একটি গোষ্ঠী লংমার্চ করেছে। ভবিষ্যতেও তারা নতুন ষড়যন্ত্র নিয়ে মাঠে নামতে পারে। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল ও আরিফুর রহমান সোহেল।

এ ছাড়া বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্যসচিব আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হকসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালি নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। তাঁদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।