পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল খনন উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-০২, ১১:২০ AM /
পীরগঞ্জে ১৩ কিলোমিটার খাল খনন উদ্বোধন

পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার দুপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ থেকে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় ১০.৫ কিলোমিটার অন্তরার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা। এছাড়া চাপোড়-মছলন্দপুর খাল প্রায় আড়াই কিলোমিটার খননে ব্যয় হবে প্রায় পৌনে ১ কোটি টাকা।
এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। খাল খনন শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে কৃষি উৎপাদনে উপকৃত হবেন।