ঋণ খেলাপি, কালীগঞ্জে ছয় শিক্ষকের কারাদণ্ড


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-২৯, ৩:৫০ AM /
ঋণ খেলাপি, কালীগঞ্জে ছয় শিক্ষকের কারাদণ্ড

 নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ
কালীগঞ্জে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ছয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে ঋণ গ্রহণ করে দীর্ঘদিনেও তা পরিশোধ করেননি অভিযুক্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মধুয়া চন্দ্র বর্মন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে আদালত অভিযুক্ত ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী নুর আমিন (৬ মাস), শিয়ালখাওয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সুব্রত অধিকারী (৩ মাস), বাবুর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম (৬ মাস), সরকারি করিম উদ্দিন কলেজের প্রভাষক ছালেকুল ইসলাম (৬ মাস), করিমপুর নেছারিয়া মাদ্রাসার অফিস সহকারী আব্দুল আজিজ (৬ মাস) এবং চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র (৪ মাস)।
বাদীপক্ষের ব্যবস্থাপক মধুয়া চন্দ্র বর্মন বলেন, “সমবায় প্রতিষ্ঠানের সদস্যরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ঋণ গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিনেও ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আমরা আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছি। আদালতের এ রায়ে ঋণ পরিশোধে সদস্যদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।”
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করেননি। পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ করলে আদালত শুনানি শেষে এ রায় ঘোষণা করেন