আয়শা হত্যায় বিক্ষোভে উত্তাল চিলমারী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-২৮, ৭:৪৪ PM /
আয়শা হত্যায় বিক্ষোভে উত্তাল চিলমারী

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)–শিশু আয়শা খাতুন হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অংশ নিয়ে এ কর্মসূচি পালন করেন।

সকাল ১০টা থেকে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। তারা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে বিক্ষোভকারীরা ইউএনও মো. মাহমুদুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করে চিলমারী মডেল থানার সামনে অবস্থান নেন। অভিযোগ করা হয়, ঘটনার পরও এখন পর্যন্ত প্রকৃত আসামিরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় আধাঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন। তিনি বলেন, শিশুহত্যার মতো ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিহত শিশুর পিতা মো. আলমগীর হোসেন বলেন, তার মেয়ের হত্যার বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই বছর বয়সী আয়শা খাতুন। পরে রাতে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় ঘটে।