কালবৈশাখীতে লণ্ডভণ্ড মাইকেল মধুসূদনের জন্মভিটা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-০৩, ৭:৫৫ AM / ০ Views
কালবৈশাখীতে লণ্ডভণ্ড মাইকেল মধুসূদনের জন্মভিটা

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে মৌসুমের প্রথম শক্তিশালী কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মহাকবি Michael Madhusudan Dutt-এর স্মৃতিবিজড়িত জন্মভিটা, মধুপল্লী এবং আশপাশের পর্যটন এলাকা।

শনিবার (২ মে) দুপুরে আকস্মিক এই ঝড়ে মুহূর্তেই পাল্টে যায় পুরো এলাকার চিত্র। প্রচণ্ড দমকা হাওয়ায় ক্যাম্পাসজুড়ে উপড়ে পড়ে বহু প্রাচীন ও বৃহৎ বৃক্ষ। ক্ষতিগ্রস্ত হয় মধুসূদন একাডেমি, মূল বাড়ির আঙিনা এবং ঐতিহাসিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ।

ভেঙে পড়া গাছ বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই চারপাশ অন্ধকার হয়ে যায়। বড় বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে এবং ভেঙে পড়া ডালপালা ভবন ও সীমানা প্রাচীরের ওপর আছড়ে পড়ে। এতে বিভিন্ন স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের আঘাতে নির্দেশিকা বোর্ড, টিনশেড এবং অস্থায়ী স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়। ঝড় থামার পরপরই কর্তৃপক্ষ উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। সড়কে পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান বলেন, “হঠাৎ এই কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি আরও জানান, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে দর্শনার্থীদের জন্য স্থানটি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।