কেওয়া বটতলা হাটে টোল চার্ট উপেক্ষার অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২৩, ৭:০৩ PM /
কেওয়া বটতলা হাটে টোল চার্ট উপেক্ষার অভিযোগ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঐতিহ্যবাহী কেওয়া বটতলা পশু হাটে সরকারি টোল চার্ট অমান্য করে অতিরিক্ত হাসিল (খাজনা) আদায়ের অভিযোগ উঠেছে। হাটের ইজারাদার সিন্ডিকেটের বিরুদ্ধে ক্রেতাদের কাছ থেকে মনগড়া অর্থ আদায়ের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মে) হাটে আসা এক ভুক্তভোগী ক্রেতার রসিদ এবং শ্রীপুর পৌরসভার অনুমোদিত টোল চার্ট পর্যালোচনায় এ অনিয়মের তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে জানা যায়, শ্রীপুর পৌরসভার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকা থেকে আসা এক ক্রেতা কেওয়া বটতলা হাট থেকে একটি গরু ক্রয় করেন। হাটের ১৬০৫ নম্বর রসিদ অনুযায়ী পশুটির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়েছে ৮৫ হাজার টাকা।

শ্রীপুর পৌরসভার নির্ধারিত টোল চার্ট অনুযায়ী, এক লাখ টাকা পর্যন্ত মূল্যের পশুর ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ টাকা টোল নির্ধারিত রয়েছে এবং তা ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে সমানভাবে পরিশোধের কথা।

তবে অভিযোগ রয়েছে, হাটের ইজারাদারের লোকজন সরকারি নিয়ম উপেক্ষা করে রসিদেই সরাসরি ক্রেতার অংশে ১ হাজার টাকা খাজনা লিখে আদায় করেছেন। স্থানীয়দের দাবি, এটি সরকারি টোল চার্টের সুস্পষ্ট লঙ্ঘন এবং অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ।

হাটে আসা একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, কেওয়া বটতলা হাটে সরকারি মনিটরিং ব্যবস্থা দুর্বল। টোল চার্ট দৃশ্যমানভাবে টানানো না থাকায় সাধারণ ক্রেতারা প্রকৃত নিয়ম সম্পর্কে জানতে পারেন না। সেই সুযোগে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা না করলে সাধারণ পশু ক্রেতারা এ ধরনের আর্থিক ক্ষতির শিকার হতে থাকবেন।