

সিলেট প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই এলাকায় কোরবানির গরু কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় নগদ ২ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১৬ মে (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চারাবই বাজার জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে দিলদার হোসেন খান বেলাল ও তাঁর ভাতিজা হাবিবুর রহমান খান স্থানীয় একটি বাড়িতে কোরবানির গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদের পাশে পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত সাইদ আহমদ (ডালিম), শাহিন আহমদ এবং অজ্ঞাতনামা আরও একজন তাদের মারধর করে নগদ ২ লাখ টাকা, একটি মূল্যবান হাতঘড়ি ও একটি টর্চলাইট ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীদের দাবি, হামলার সময় লোহার পাইপ ও রড দিয়ে আঘাত করা হয়। এতে দিলদার হোসেন খান ও তাঁর ভাতিজা হাবিবুর রহমান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
মামলার আসামিরা হলেন চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে সাইদ আহমদ (ডালিম) (২৫), শাহিন আহমদ (৩০) এবং অজ্ঞাতনামা আরও একজন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ মে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারের ওপর ন্যস্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :