নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-১০, ১০:৫৫ AM /
নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

মোসফিকা আক্তার, নওগাঁ | ১০ জুন ২০২৬
নওগাঁর ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা শাফিরুল ইসলাম তার মেয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দেন নওগাঁর পুলিশ সুপার।
পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গত ৮ জুন টাঙ্গাইলের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মোবাইল ফোনে আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলেও দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে বিভিন্ন কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। পরে এসব ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি এবং প্রযুক্তিনির্ভর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।