কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-০১, ৭:১৭ AM / ০
কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা
“প্রবীণদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কৃষ্ণচূড়া’-তে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর ইসলাম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মহসীন টুলু, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু, মোখলেছুর রহমান টুকুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি যথাযথ সম্মান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহমর্মিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।