দই কিনতে গিয়ে ধরা, ইয়াবাসহ যুবক গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-১৩, ১২:৪৭ PM /
দই কিনতে গিয়ে ধরা, ইয়াবাসহ যুবক গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০২ পিস ইয়াবাসহ মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পশু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সবুজ কাজী নড়াগাতী থানা এলাকার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিষ্টির দোকানের সামনে অবস্থানরত সবুজ কাজীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় এক মিষ্টি দোকানদার জানান, ওই যুবক তার দোকানে কাপ দই আছে কি না জানতে চেয়েছিলেন। এর কিছুক্ষণ পরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আব্বাস উদ্দিন বলেন, “১০২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।