

নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকায় একটি টিনশেডের ঘরে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে সীতারামপুর এলাকার ছবুরোন নেসার বাড়ির রাস্তার পাশের একটি ঘরে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘরটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
বাড়ির মালিক ছবুরোন নেসা জানান, বিস্ফোরিত ঘরটির জানালার বাইরে একটি লম্বা রশি বের করা ছিল। তিনি রশিটি গুছানোর চেষ্টা করার সময় হঠাৎ তাতে টান পড়ে। এরপর ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
তার ধারণা, কে বা কারা ওই বিস্ফোরক দ্রব্যটি ঘরের ভেতরে রেখে গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে কেউ বসবাস করেন না। ঘরটির দরজা-জানালাও নেই। ঘটনাস্থল থেকে একটি পাতিলের মধ্যে থাকা বিস্ফোরিত দ্রব্যের আলামত সংগ্রহ করা হয়েছে।
ওসি আরও বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়। প্রাথমিকভাবে এটিকে ‘হোমমেড আইইডি’ বা পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :