

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পর কহিনুর (১২) নামের এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার বরাতীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহত কহিনুর বরাতীপুর এলাকার বাসিন্দা শহিদুল ও ছমিরন দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে কহিনুরের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার মা ঘর থেকে বাইরে চলে যান। পরে পরিবারের সদস্যরা কহিনুরকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তবে মা-মেয়ের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন :