নড়াইলে দুই দিনব্যাপী জাতীয় নারী নৌকাবাইচ ও ফ্রি হেলথ ক্যাম্প


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-০৪, ৭:৫৮ AM / ০ Views
নড়াইলে দুই দিনব্যাপী জাতীয় নারী নৌকাবাইচ ও ফ্রি হেলথ ক্যাম্প

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে আগামী ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়ায় অনুষ্ঠিতব্য এ উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার বিকেলে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা গনী উল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর শাহ হাসিবুর রহমান এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা থাকবে।

উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে Global MediKlaud (BD) Limited। স্পন্সর হিসেবে রয়েছে টি. কে. গ্রুপ।

সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত থাকছে স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর, ইউনিকো হসপিটালস, এটুআই (a2i), মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

আয়োজকরা জানান, গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করা, পর্যটন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

তাঁরা আরও জানান, জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে নড়াইলের স্থানীয় ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে বৃহত্তর পরিসরে পরিচিত করে তোলার প্রত্যাশা রয়েছে।