সিলেটসহ সারা দেশে চার দিন কম থাকবে গ্যাসের চাপ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-০৪, ৭:৪৭ AM / ০
সিলেটসহ সারা দেশে চার দিন কম থাকবে গ্যাসের চাপ

সিলেট প্রতিনিধি-সিলেটসহ সারা দেশে আগামী চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত গ্যাস সরবরাহ কম থাকবে। তবে এ সময়ে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না।

সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। আবাসিক গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সাময়িকভাবে গ্রাহকদের কিছুটা অসুবিধা হতে পারে।

এর আগে পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। ফলে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে সামিটের একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।