ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, আড়াই লাখে রফা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-৩০, ৩:৫৫ PM / ০ Views
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, আড়াই লাখে রফা

পারভেজ হাসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একতা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত স্বজনরা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আড়াই লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা হয়।
গত ২১ এপ্রিল রাণীশংকৈল উপজেলার বিষ্ণুপুর এলাকার আনিসুর রহমানের স্ত্রী শারমিন আক্তার প্রসব বেদনায় ওই ক্লিনিকে ভর্তি হন। ১১ হাজার টাকায় সিজারের চুক্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুনরায় অপারেশন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে লাশ নিয়ে স্বজনরা ক্লিনিক ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আড়াই লাখ টাকায় বিষয়টি নিষ্পত্তি হয়।
নিহতের স্বামী আনিসুর রহমান বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। ভুল চিকিৎসার কারণেই আমার স্ত্রী মারা গেছে।”
অন্যদিকে ক্লিনিক পরিচালক আসলাম দাবি করেন, রোগী আগেই জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছিল।
পীরগঞ্জ থানার ওসি জানান, বিষয়টি নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।