কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনে প্রাণ গেল ৬ বছরের শিশুর


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-০৮, ৪:৫২ PM /
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনে প্রাণ গেল ৬ বছরের শিশুর

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মুসলিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় চৌমুহনী-সরদারপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম হোসেনসহ পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে মুকুন্দমধুসুদনপুর এলাকায় পৌঁছালে বাঁশতলা বাজারমুখী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু মোস্তাকিম হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মা মুসলিমা খাতুনের হাত ভেঙে যাওয়াসহ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকসহ চালক আলামিন হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবি: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত শিশু মোস্তাকিম হোসেন (৬)।

প্রতিবেদন: মোঃ আলাউদ্দীন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি, Daily Mukti