

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পটকা ফাটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা সড়কের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন ধরিয়ে পটকা ফাটান। পরে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনায় পুলিশ শুভ নামে একজনকে আটক করে।
কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে কুঠিপাড়া এলাকায় এসে টায়ারে আগুন ধরিয়ে পটকা ফাটিয়ে চলে যান। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কুঠিপাড়া এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পটকা ফাটানোর ঘটনায় শুভ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :