স্ত্রী-সন্তান হত্যায় স্বামী-দেবরের যাবজ্জীবন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৯-০৩, ১১:২৫ AM / ৪০
স্ত্রী-সন্তান হত্যায় স্বামী-দেবরের যাবজ্জীবন

| চরফ্যাসন (ভোলা):
ভোলার চরফ্যাসনে আলোচিত স্ত্রী ও সন্তান হত্যা মামলায় স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাসন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের মো. মাহাবুব ও তার ভাই মো. ইব্রাহীম। অপর আসামি নিহতের শ্বশুর আবদুল মান্নান মাঝিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

২০১৮ সালের ৩০ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামী মাহাবুব ও দেবর ইব্রাহীম গৃহবধূ জাহানারাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। ওই হত্যাকাণ্ড ৮ বছরের ছেলে আবির দেখে ফেললে তাকেও হত্যা করে ডোবায় ফেলে দেন। নিহতের বাবা সৈয়দ আলী চকিদার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিল করে।

৭ বছর পর আদালতে হত্যার দায় প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন।