দুর্নীতির প্রতিবাদে কৃষকদল নেতার মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১৫, ১:৫৪ PM / ৭৮
দুর্নীতির প্রতিবাদে কৃষকদল নেতার মানববন্ধন

এম ৱেজা টুনু, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বালু চুরি ও দুর্নীতির প্রতিবাদ করায় কৃষকদল নেতাকে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানোর অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে, যেখানে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ ও তার অনুসারীরা ধামালিয়া নদীর জলিলপুর এলাকার সরকারি জব্দকৃত বালু সিন্ডিকেটের মাধ্যমে রাতদিন বলগেট নৌকা দিয়ে বিপুল টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করছেন।

এই দুর্নীতির প্রতিবাদ করায় উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার এবং তার সমর্থকদের হুমকি, অপপ্রচার ও হয়রানিমূলক মামলা-মোকদ্দমায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠে।

মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ বাদাঘাট ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দূর্গাপুরের মো. তাহের আলী, বিএনপি নেতা মো. গোলাপ মিয়া, যুবদল সভাপতি রবিউল আউয়াল ও যুবদল সদস্য আবুল হোসেন প্রমুখ।

তারা অভিযোগ করেন,  “গত ২৩ জুন প্রশাসনের জব্দকৃত বালু জলিলপুরে নদীর পাড়ে রাখা হলেও রাজু আহমদ ক্ষমতার অপব্যবহার করে তা অন্যত্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে প্রতিবাদ জানালে হুমকি দেওয়া হচ্ছে।”তারা রাজু আহমদকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। উপজেলা প্রশাসনের যেকোনো দুর্নীতির বিরুদ্ধে আমাদের দল সবসময়ই সহযোগিতা করে।”

তিনি আরও জানান, “পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়ায় সিরাজুল ইসলাম পদ পাওয়ার জন্য আবেদন করেছেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলেই তিনি হয়তো ক্ষোভ প্রকাশ করছেন।”শেষে তিনি বলেন, মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর কারণে দেশে সঠিক পথে কাজ চলছে।