ঘোড়াঘাটে ইয়াবার রমরমা ব্যবসা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৩, ১২:৩৮ PM / ৩৮
ঘোড়াঘাটে ইয়াবার রমরমা ব্যবসা

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে ইয়াবা ব্যবসা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয়ভাবে পরিচিত কয়েকজন চিহ্নিত ব্যক্তি প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চালালেও এখনো প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

বিশ্বস্ত সূত্র ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ইয়াবা কেনাবেচায় জড়িত তিনজন চিহ্নিত ব্যক্তি হলেন— জালাল মিয়ার ছেলে নবী (৩২), শফিকুল ইসলামের ছেলে সাজেদুল (২৩) এবং মাতাব ইসলামের ছেলে মালেক মিয়া (৪৫)। তারা সবাই কুলানন্দপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্ধ্যার পর ইয়াবা সেবনকারীদের আনাগোনা বেড়ে যায়। এমনকি অনেক স্কুলপড়ুয়া শিক্ষার্থীও আসক্ত হয়ে পড়ছে, যা উদ্বেগজনক।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। দিনের আলোতেই ইয়াবা কেনাবেচা চলে। আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।”

স্থানীয় সচেতন মহল বুলাকীপুর ইউনিয়ন পরিষদ ও ঘোড়াঘাট থানার কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এখনই ব্যবস্থা না নিলে পুরো অঞ্চলটি মাদকের অভয়ারণ্যে পরিণত হবে।