

মোঃ ময়েন উদ্দিন | তারাগঞ্জ (রংপুর)
“সব এনজিওর শীর্ষে ব্র্যাক” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে এক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব অনিমেষ সরকার, এমআরএসসি সেক্টর স্পেশালিস্ট সৈয়দ তানভীর ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার তারাজুল ইসলামসহ ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, পুরোহিত, বিদেশ ফেরত প্রবাসী, কৃষি কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিদেশে যেতে হলে অবশ্যই দক্ষতা, শিক্ষা ও ভাষাজ্ঞান প্রয়োজন। সচেতন না হলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। প্রকল্পের সুবিধাভোগী হারু অর রশিদ জানান, ব্র্যাক থেকে পাওয়া সহায়তায় তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিদেশ ফেরত রিপা, শাকিল মিয়া ও রুস্তম আলী তাদের কষ্টের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
সভাপতির বক্তব্যে রশিদুল ইসলাম বলেন, ভবিষ্যতে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে ইউনিয়নের সবাইকে সচেতন থাকতে হবে। বিদেশ ফেরত ব্যর্থ প্রবাসীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :