রাণীশংকৈলে মামলায় বছর পর শিশুর লাশ উত্তোলন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-৩১, ১১:৫৮ PM / ৩৩
রাণীশংকৈলে মামলায় বছর পর শিশুর লাশ উত্তোলন

মোঃ মাহাবুব আলম | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থান থেকে ৮ বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (৩১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের উত্তর নরসিংপুর মহল্লার সুরাতুনের স্বামী মুনিরুজ্জামান দীর্ঘদিন ধরে টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ২০২৪ সালের ৯ আগস্ট নির্যাতনের পর সে স্ত্রীকে হুমকি দেয়, টাকা না দিলে স্ত্রী ও ছেলেকে হত্যা করবে। ঘটনার তিন দিন পর, ১৩ আগস্ট বিছানার নিচে রাখা ৪০ হাজার টাকা নিয়ে তাদের শিশু পুত্র নয়নকে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরবর্তীতে শিশুর মা সুরাতুন ফতুল্লা থানায় স্বামীসহ আটজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।
রবিবার কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয় এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।
পিবিআই’র ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।