চাকরি হারিয়ে মানবেতর জীবন হাবিবের


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৯-০১, ৩:৩২ PM / ২৮
চাকরি হারিয়ে মানবেতর জীবন হাবিবের

আরিফুল ইসলাম | সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষা শেষ করে মুয়াজ্জিন হিসেবে জীবনের নতুন যাত্রা শুরু করেছিলেন হাবিব শেখ। ২০২৩ সালের ৩১ জুন ফরিদপুর জেলা মডেল মসজিদে মুয়াজ্জিনের চাকরি পান তিনি। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন উপ-পরিচালক (ডিডি) শাহাবুদ্দিনের দুর্নীতির সহযোগিতা না করায় মিথ্যা অভিযোগে ২০২৪ সালের ৬ জুন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে হাবিব মানবেতর জীবনযাপন করছেন।

হাবিব অভিযোগ করেন, ডিডি শাহাবুদ্দিন মসজিদের কালেকশনের টাকা আত্মসাৎ করতে চাইলে তিনি প্রতিবাদ করেন। এর জের ধরে তাকে ভয়ভীতি ও মিথ্যা অপবাদ দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তিনি ক্ষতিপূরণ ও চাকরি ফেরতের দাবি জানিয়েছেন।

মসজিদের মুসল্লীরা জানান, হাবিব একজন সৎ ও নিষ্ঠাবান মুয়াজ্জিন ছিলেন। নিয়মিত আজান দেওয়ার পাশাপাশি খাদেমের কাজও করতেন। ডিডির রোষানলে পড়ে চাকরি হারিয়েছেন। তারা হাবিবের চাকরি ফেরতের দাবি করেন।

মসজিদের ঈমাম মাওলানা তবিবুর রহমান বলেন, মুয়াজ্জিন না থাকায় একা দায়িত্ব পালন করতে কষ্ট হচ্ছে। অভিযোগ প্রমাণিত না হলে হাবিবকে পুনর্বহাল করা হোক।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান উপ-পরিচালক ইয়াসিন আহমেদ জানান, হাবিব বরখাস্ত হওয়ার ঘটনা তার যোগদানের আগের। এ বিষয়ে মামলা চলমান আছে। রায়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।