

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ (চিলমারী–রৌমারী–রাজীবপুর) আসনের নির্বাচনী মাঠে দেখা দিয়েছে এক ব্যতিক্রমী ও আলোচিত চিত্র। একই আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।
জানা গেছে, জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। তিনি রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। অন্যদিকে তার স্ত্রী মোছাঃ শেফালী বেগম বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন।
স্বামী-স্ত্রীর এমন মুখোমুখি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে গণতন্ত্রের একটি ব্যতিক্রমী ও চমকপ্রদ উদাহরণ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে পারিবারিক সম্পর্কের সঙ্গে রাজনৈতিক বাস্তবতার ভিন্নমাত্রার প্রকাশ বলেও মন্তব্য করছেন।
সংশ্লিষ্ট মহলের ধারণা, এই ব্যতিক্রমী লড়াই কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত ও আলোচিত করে তুলেছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনটি চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত।
আপনার মতামত লিখুন :