বাঘায় সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-২২, ১:১৯ PM / ০
বাঘায় সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর দারুস-সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতি কামনায় সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলশীপুর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিন (আনোয়ার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান (কালু), সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান (অলিভ) এবং রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হক। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা তুলশীপুর এলাকার বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, অবদান ও রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় তুলশীপুর এলাকার মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়নে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল। পরে মানপত্রটি সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের হাতে তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদ্রাসাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকার মানুষের ন্যায্য দাবি ও উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এলাকার মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানসহ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে স্থানীয় জনগণ, পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ধর্মীয় শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে মাদ্রাসার উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি ও সবার কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।