
নবীন মাহমুদ | ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জনসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন এবং রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “আমি কাবিখার টাকা আত্মসাৎ করতে রাজনীতি করতে আসিনি। সন্ত্রাস আর চাঁদাবাজির রাজনীতিতেও আমি বিশ্বাস করি না। আমি নিয়োগ বাণিজ্য করতে আপনাদের মাঝে আসিনি। আমি এসেছি মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং রাজাপুর-ঝালকাঠির উন্নয়নে কাজ করতে।”
তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে তিনি এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, “আপনারা আমার ওপর ভরসা রাখুন। ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ ১৩ তারিখ আপনাদের সঙ্গে নিয়ে বিজয় মিছিল করব।”
জনসভায় বক্তারা বলেন, এই নির্বাচন শুধু একজন প্রার্থীকে জয়ী করার বিষয় নয়, বরং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ধানের শীষের নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

প্রতিবেদকের নাম 













